খাগড়াছড়িতে ঈদুল ফিতর: এক কাতারে মিলল হাজারো মানুষ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও আত্মিক প্রশান্তিতে ভরে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
শনিবার (২১ মার্চ) সকালে জেলা সদরের পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সকাল থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন, যা একসময় বিশাল মিলনমেলায় পরিণত হয়।
ঈদের প্রধান এই জামাতে ইমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহে জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল নবী হক্কানী। খুতবায় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। একই সঙ্গে মানবতার বার্তা ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ জামাতে অংশ নেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ভেদাভেদ ভুলে এই মিলনমেলা হয়ে ওঠে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।
প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়ির প্রধান ঈদের জামাত শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি; বরং এটি পরিণত হয়েছে সামাজিক সম্প্রীতির এক অনন্য উৎসবে। এখানে পাহাড়-সমতল, ধনী-গরিব সব বিভাজন ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করেন।






