বান্দরবানে অপহৃত ছয় রাবার শ্রমিককে উদ্ধার
বান্দরবানের টংকাবতীর একটি রাবার বাগান থেকে অপহৃত ছয় শ্রমিকের সবাই মুক্তি পেয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে সেনাবাহিনীর ২২ ঘণ্টার অভিযান শেষে তাদের উদ্ধার করা হয়।
রাবার শ্রমিকরা হচ্ছেন- মো. কলিমুল্লাহ, মো. আরাফাত, মো. শফিক,মো. ইসমাইল, মো. নুরুল আফসার এবং মো. রমিত।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, অপহরণে জড়িত সন্দেহে ওই এলাকা থেকে ম্যাংতাং ম্রো নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।
গত বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টায় টংকাবতী হাতীর ডেড়া এলাকার ইসমাইলের রাবার বাগান থেকে শ্রমিকদের ধরে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা।
ঘটনা জানার পর ঘটনাস্থলে ছুটে যান টংকাবতী পুলিশ ফাঁড়ি ও বান্দরবান সদর থানার পুলিশ সদস্যরা। পরে বিশেষ উদ্ধার অভিযান শুরু করে সেনাসদস্যরা।
বান্দরবান সদর জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহষ্পতিবার ভোর থেকেই সেনাবাহিনীর একটি বিশেষ টিম সম্ভাব্য এলাকা সমুহ ঘিরে তল্লাশী অভিযান শুরু করে। এ সময় তারা একটি পাহারে সন্দেহভাজনদের উপস্থিতি নিশ্চিত করে ঘিরে ফেললে অপহরণকারীরা জিম্মিদের ছেড়ে পালিয়ে যায়।
পরে ভোর ৬টার দিকে জিম্মিদশা থেকে বেরিয়ে আসেন অপহৃত রাবার শ্রমিকরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই ছয়জনকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ম্যাংতাং ম্রোকে বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়েছে।
টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়ং ম্রো প্রদীপ জানান, সশস্ত্র অপহরণকারীরা রাতের আধারে শ্রমিকদের ধরে নিয়ে যায়। পরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
রাবার বাগানের মালিক মোহাম্মদ ইসমাইল জানান, অপহরণের পর থেকে পরিচয় গোপণ রেখে ২০লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা।
তবে শ্রমিকদের মুক্তির বিনিময়ে কোন মুক্তিপণ দিতে হয়েছে কি না- এমন প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।






