রাঙামাটিপ্রধান খবররাঙামাটি সদর

পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যার সমাধান সকলকে সাথে নিয়ে করতে হবে: পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি প্রতিনিধি :পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যার সমাধান সকলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় অংশীজনদের অংশগ্রহণে পার্বত্য জেলা সমূহের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন সংক্রান্ত কর্মশালা-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “পৃথিবীর অনেক দেশে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যান রয়েছে। কোথায় কী হবে আর কী হবে না—সবকিছু সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। আমাদের দেশে এখনো তা করা সম্ভব হয়নি। তাই ডিজিটাইজেশনের মাধ্যমে ভূমি সমস্যা সহজভাবে সমাধানের জন্য সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী। এতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক, হেডম্যান-কার্বারী, সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা এবং বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান যাতে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী প্রেজেন্টেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কাজ ও ভূমি বিষয়ক একটি ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করেন।

এছাড়া পার্বত্য জেলা সমূহের বর্তমান পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা এবং সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালা শেষে তিন পার্বত্য জেলার সার্কেল চীফ, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও হেডম্যান-কার্বারীদের নিয়ে আলাদা সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Check Also
Close
Back to top button