জাতীয়প্রধান খবর

দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয় : পার্বত্য মন্ত্রী

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি দুর্গম এই এলাকার মানুষের জীবন রক্ষায় এবং অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার জরুরি নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নিজ কার্যালয় থেকে বান্দরবানের সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সঙ্গে টেলিফোনে আলাপকালে মন্ত্রী এ নির্দেশনা দেন। এ সময় তিনি হামের উপসর্গে আক্রান্তদের বর্তমান অবস্থা এবং চিকিৎসা কার্যক্রমের সার্বিক খোঁজ-খবর নেন।

মন্ত্রী বলেন, এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা রয়েছে। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বিভাগের কর্মীদের সার্বক্ষণিক সেখানে অবস্থান করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। কোনো মানুষ যাতে সুচিকিৎসার অভাব বোধ না করে, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

মায়ানমার সীমান্তবর্তী এই এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রোগীদের বিশেষ সেবা প্রদানের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের জনগণের পাশে থেকে সাহস ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করার অনুরোধ করেন।

উল্লেখ্য, ইতোমধ্যে সরকারের স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ মেডিকেল টিম কুরুকপাতার দুর্গম এলাকায় অবস্থান করে আক্রান্ত রোগীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই সেবার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

Related Articles

Back to top button