বান্দরবানে ছয় শ্রমিককে অপহরণ, মুক্তিপণ দাবি
বান্দরবান সদরে ছয় রাবার শ্রমিককে অপহরণের পর বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অপহৃতরা হলেন- নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)। তারা সবাই লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকার রাবার বাগান থেকে শ্রমিকদের নিয়ে যাওয়া হয় বলে জানান বাগানের মালিক ইসমাইল।
রাবার বাগানের মালিক ইসমাইল বলেন, হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত একদল লোক এসে মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। শ্রমিকদের নিয়ে যাওয়ার পর অপহরণকারীরা ২০ লাখ টাকা দাবি করে । মুক্তিপণ না দিলে তাদের হত্যার হুমকি দিয়েছে। তাদের উদ্ধারের জন্য আমাদের চেষ্টাও অব্যাহত আছে।
বৃহস্পতিবার সকালে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, বুধবার রাতে ছয় রাবার শ্রমিকদের অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। এখন ঘটনাস্থলে আছি, আইনশৃঙ্খলা বাহিনী এসেছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো.ফরহাদ সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণের সংবাদ পাওয়ায় পরপরই পুলিশ অপহৃতদের উদ্ধারে কাজ শুরু করেছে।
এর আগে মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউপির আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগান থেকে ৩ শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।






