আলীকদমে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৬ শিশু
বান্দরবানের আলীকদম উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত মোট ছয় শিশু আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু হওয়ায় স্থানীয় অভিভাবক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, দুর্গম কুরুকপাতা এলাকায় চারজন এবং উপজেলা সদর এলাকায় দুজন আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত শিশুদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, এলাকাটিতে হামের প্রকোপের বিষয়টি জানার পরপরই উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়েছে। বর্তমানে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, আক্রান্ত ছয়জনকেই আমাদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্গম কুরুকপাতা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়েছে। তারা সেখানে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান ও আক্রান্তদের শনাক্তের কাজ করছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে।
এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. হানিফ আরও বলেন, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অভিভাবকদের প্রতি অনুরোধ, নির্ধারিত সময়ে শিশুদের সব ডোজের টিকা সম্পন্ন করুন এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন






